নিউজলেটার প্ল্যাটফর্ম বুলেটিন চালু করলো ফেসবুক

৩০ জুন, ২০২১ ০১:৫৯  
দীর্ঘদিন ধরে নানা গুজব আর আলোচনার সমাপ্তি ঘটিয়ে স্বতন্ত্র নিউজলেটার প্ল্যাটফর্ম ‘বুলেটিন’ চালু করলো ফেসবুক। মঙ্গলবার একটি লাইভ অডিও রুমে নতুন প্রকল্পটির ঘোষণা দেন মার্ক জুকারবার্গ। জুকারবার্গ বলেন, মিডিয়া ইকোসিস্টেমে যা ঘটছে তারই পরিপ্রেক্ষিতে এই প্রকল্প। বুলেটিনে ফ্রি এবং পেইড উভয় ধরণের কনটেন্টই থাকবে। কিছু আর্টিকেল সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে, আর কিছু আর্টিকেল পেইড সাবস্ক্রাইবাররা উপভোগ করতে পারবেন। পেইড সাবস্ক্রাইবাররা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ কিংবা স্পেশাল ব্যাজের মতো কিছু বাড়তি সুবিধাও পাবেন। বুলেটিনে যুক্ত হওয়া কিছু লেখককে সম্মানি দেবে ফেসবুক। আপাতভাবে লেখকদের আয় থেকে কোনো ফি কর্তন করবে না সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এছাড়া লেখকরা তাদের কনটেন্ট এবং সাবস্ক্রাইবার তালিকা অন্য প্ল্যাটফর্মেও নিয়ে যেতে সুযোগ দেবে। মজার বিষয় হলো ফেসবুক আগের সব সংবাদবিষয়ক উদ্যোগের মতোই বুলেটিনও প্রাথমিকভাবে ফেসবুকের প্রধান অ্যাপের বাইরে থাকবে। নিউজলেটার প্ল্যাটফর্মটির আলাদা ওয়েবসাইট ও ব্র্যান্ডিং রয়েছে, যদিও এটি ফেসবুকের ডিস্ট্রিবিউশন টুলসের সহায়তা পাবে। নিউজলেটারগুলো লেখকের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবে এবং পাঠকরা তাদের ফেসবুক অ্যাপের নিউজ সেকশন থেকে কনটেন্ট পড়তে পারবেন। এছাড়া লেখকরা তাদের লেখনির সাথে পডকাস্ট এবং অডিও রুমের সুবিধা নিতে পারবেন। প্রাথমিকভাবে বুলেটিনের লেখক হিসেবে রয়েছেন ম্যালকম গ্ল্যাডওয়েল, অ্যাডাম গ্রান্ট, সিএএনএনের হোয়াইট হাউজ সংবাদদাতা জেসিকা ইয়েলিন এবং ইএসপিএনের সাবেক সংবাদদাতা ইরিন অ্যান্ড্রেউস। ডিবিটেক/বিএমটি